সোনার দাম ভরিতে ১৬৯১ টাকা কমলো
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে সোনার দাম কমেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সোনার দাম ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৯১ টাকা কমেছে। একই সঙ্গে রুপার দামও কমেছে।
নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে।
এর আগে ১৩ অক্টোবর সোনার দাম ভরিতে সর্বোচ্চ তিন হাজার ২৬৬ টাকা কমানো হয়। এরপর আজ সোনার দাম কমানো হলো। বাজুস বলেছে, তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় দেশের বাজারে এই দুই ধাতুর দাম কমানো হয়েছে। যদিও মূল কারণ হলো, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে দুই লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম দুই লাখ ১৬ হাজার ১৯২ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।
আজ দাম কমানোর আগে ২২ ক্যারেটের সোনার দাম ছিল দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা, ২১ ক্যারেটের দুই লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
এদিকে আজ রুপার দামও কমানো হয়েছে। প্রতি ভরি রুপার দাম কমেছে সর্বোচ্চ ১৭৫ টাকা। ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেটের রুপার দাম চার হাজার ২৪ টাকা, ২১ ক্যারেটের তিন হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের তিন হাজার ৩২৪ টাকা। সনাতন পদ্ধতির রুপার দাম হয়েছে দুই হাজার ৫০৮ টাকা।
সোনা ও রুপার দামের সঙ্গে মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত আছে।
এদিকে আজ বিশ্ববাজারে সোনার দাম কমেছে। এখন পর্যন্ত প্রতি আউন্স সোনার দাম ৪৪ ডলার ও রুপার দাম এক ডলার ৪১ সেন্ট কমেছে। সামগ্রিকভাবে গত এক মাসে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি প্রায় ১৫০ ডলার কমেছে। সোনার দাম ধারাবাহিকভাবে কমছে, তার অংশ হিসেবে দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে।
সাধারণত যুদ্ধ বা অনিশ্চয়তার মধ্যে সোনার দাম বাড়ে। কিন্তু এবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর দেখা যাচ্ছে, সোনার দাম উল্টো কমছে। এ সময় মার্কিন ডলারভিত্তিক বন্ডের সুদ বেড়েছে। ফলে বিনিয়োগকারীরা সেদিকে ঝুঁকেছেন, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ার এটিই মূল কারণ। গত ছয় মাসে সোনার দাম কমেছে ৫৭৪ ডলার।
পিপলসনিউজ/আরইউ