একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক শিক্ষার উন্নয়নে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৫) প্রকল্পসহ ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫৮ হাজার ৮৯ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা, বিদেশি ঋণ সাত হাজার ৯৭৫ কোটি টাকা ও বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৩ কোটি টাকা।
বুধবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ১১টি ও সংশোধিত প্রকল্প দুটি।
সভার কার্যক্রমে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডাক, টেলিযোগাযোগ ও বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়ক পরিবহন, সেতু ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
বৈঠক শেষে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে একনেক বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।
ব্রিফিংয়ে জানানো হয়, বৈঠকে চারটি প্রকল্পের অনুমোদন স্থগিত রেখে সেগুলো আরও পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। স্থগিত হওয়া প্রকল্পগুলো হলো— প্রবৃদ্ধি-লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট (এলইডি) ইন সিলেক্টেড মিউনিসিপ্যালিটিজ প্রকল্প, নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্প এবং মেট্রো ঢাকা: ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প।
অনুমোদিত ১৩ প্রকল্প: বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প। বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালগুলোর পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ (১ম পর্ব) প্রকল্প। ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প। সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প। ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০৩ (৩য় সংশোধিত)। এই প্রকল্পগুলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হচ্ছে, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষায়িত যানবাহন ক্রয় ও বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য অপারেশনাল যানবাহন ক্রয় প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্প ঢাকা সেনানিবাসে মঈনুল রোড আবাসিক এলাকায় ‘বি’ টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জিগাতলার গাবতলা কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দেশের পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপন প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তিতাস গ্যাস ফিল্ডে ২টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ (তিতাস ৩২ ও ৩৩) খনন প্রকল্প। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প (৩য় সংশোধিত) প্রকল্প। এ ছাড়া পরিকল্পনা মন্ত্রীর পক্ষ থেকে আগেই অনুমোদন দেওয়া ৫০ কোটি টাকার কম ব্যয় পাঁচটি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়।
পিপলসনিউজ/আরইউ