weather ২৭.৩৮ o সে. আদ্রতা ৬৪% , বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে

প্রকাশ :

যুক্তরাষ্ট্রে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে হারিয়ে সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। ভোট গণনার সর্বশেষ ফল অনুযায়ী, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। 

এদিকে নির্বাচনে দলের পরাজয়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডেমোক্র্যাটরা ভালো করেছে বলে স্বীকার করেছেন ট্রাম্প। তবে ফলাফলে বিস্ময় প্রকাশ করলেও নিজের মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা নাকচ করেছেন তিনি।

ফক্স নিউজে উপস্থাপক ব্রেট বেয়ারের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নির্বাচনের আগে বাতাসে এক ধরনের পরিবর্তনের আভাস ছিল। তবে ফলাফল দেখে কিছুটা অবাক হয়েছি। 
নিজের নির্বাচনী প্রচারের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা বিশাল জনসভা করেছি। আমি কিছুটা অবাক হয়েছি।’

ডেমোক্র্যাটদের পারফরম্যান্স সম্পর্কে ট্রাম্প বলেন, তারা ভালো করেছেন। তবে কংগ্রেসে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার মতো অনেক বিষয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের ফলাফলের কারণে নিজের মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আনার সম্ভাবনাও নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার কিছু আগে হোয়াইট হাউসে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করব। তাদের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছি। আশা করি, কোনো একটা সমাধানে পৌঁছাতে পারব।’

যুক্তরাষ্ট্রের সিনেটে মোট আসন ১০০টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন। দুই স্বতন্ত্র সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন। ফলে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেতে ডেমোক্র্যাটদের রিপাবলিকানদের কাছ থেকে কয়েকটি আসন ছিনিয়ে নেওয়া প্রয়োজন ছিল।

এবারের নির্বাচনে টেক্সাস, কানসাস, সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা ও ওহাইওসহ কয়েকটি অঙ্গরাজ্যে রিপাবলিকানদের আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। জর্জিয়ায় ডেমোক্র্যাট সিনেটর জন অসফ পুনর্নির্বাচিত হয়েছেন। ওহাইওতে রিপাবলিকান সিনেটর জন হাসটেডকে হারিয়ে আবার সিনেটে ফিরেছেন সাবেক ডেমোক্র্যাট সিনেটর শেরড ব্রাউন। এসব জয়ের মধ্য দিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত করেন ডেমোক্র্যাটরা।

সিনেটের নিয়ন্ত্রণ হারানো ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা। নতুন কংগ্রেসের অধিবেশনে ডেমোক্র্যাটরা বিভিন্ন আইন প্রণয়নের উদ্যোগ আটকে দিতে পারবেন। পাশাপাশি প্রেসিডেন্টের মনোনীত মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও ফেডারেল বিচারকদের নিয়োগ অনুমোদনের ক্ষেত্রেও সিনেটের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

এ ছাড়া প্রতিনিধি পরিষদেও ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত ও নজরদারির ক্ষমতা বাড়বে। তবে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, তা নির্ধারণে ভোট গণনা চলছে।

নির্বাচনের ফল নিয়ে ট্রাম্পের বক্তব্যে একদিকে বিস্ময় ও অন্যদিকে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহের কথা উঠে এসেছে। এর আগে তিনি বলেছিলেন, নির্বাচনের ফল মেনে নিতে এবং বিরোধী দলের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

একই আদেশে তিনবার জামিন আবেদন, আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ একই আদেশে তিনবার জামিন আবেদন, আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ দায় কার, আইনের প্রয়োগ কোথায়? দায় কার, আইনের প্রয়োগ কোথায়? শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকর ডিসেম্বরে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যুক্তরাষ্ট্রে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে