weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৭৩% , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

প্রকাশ :

নেত্রকোনার ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

ছবি : সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই রায় দেন। 

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল বলেন, অপর আসামি শিক্ষক সাগরের ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

রায়ের সময় আসামিপক্ষের আইনজীবীকে আদালত উপস্থিত থাকতে দেখা যায়নি। আসামির কোনো স্বজনও এদিন আদালত প্রাঙ্গণে উপস্থিত হননি। মামলায় বলা হয়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করে চিকিৎসক শিশুটি অন্তঃসত্ত্বা বলে জানান। পরে ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন।

৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়।

নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

পরে সিআইডির প্রতিবেদনে বলা হয়, ১১ বছরের শিশুটির সন্তানের ও আসামি মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইল মিলেছে। অর্থাৎ ১১ বছরের শিশুটির কন্যাসন্তানের ‘জৈবিক বাবা’ আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর এটি প্রমাণিত হয়েছে।পরে ২৭ আগস্ট পুলিশ সাগর হুজুর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রায়ের সময় আসামিপক্ষের আইনজীবীকে আদালত উপস্থিত থাকতে দেখা যায়নি। আসামির কোনো স্বজনও এদিন আদালত প্রাঙ্গণে উপস্থিত হননি। দুপুর ১২টা ৯ মিনিটে আদালতের কাঠগড়ার আনা হয় লুঙ্গি ও পাঞ্জাবি পরিহিত আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’কে। বিচারক এজলাসে প্রবেশ করেন ১২টা ৩০ মিনিটে। পরে বিচারক দিনের অন্য মামলার বিচারকার্য সম্পন্ন করেন।

তারপর ১২টা ৪৬ মিনিটে আলোচিত ১১ বছরের মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার রায় পড়া শুরু করেন বিচারক আব্দুস সালাম। টানা ১৮ মিনিট পড়ে দুপুর ১টা ৪ মিনিটে রায় পড়া শেষ করেন তিনি। আদালতে আনার পর থেকে ‘সাগর হুজুর’ পুরো সময় মাথা নীচু করে বিমর্ষ অবস্থায় ছিলেন। মৃত্যুদণ্ডের রায় শোনার পর নির্বিকার অবস্থায় ছিলেন তিনি।

আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছে, আসামি একজন ধর্মীয় শিক্ষক ও মসজিদের ইমাম হয়ে পবিত্র দায়িত্ব ও কর্তৃত্বের চরম অপব্যবহার করেছেন। ১১ বছরের এক অবোধ ও অসহায় ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করে গর্ভবতী করার মতো পৈশাচিক অপরাধের ক্ষেত্রে কোনো সহানুভূতি প্রদর্শনের অবকাশ নেই। আইনের সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের বিকল্প থাকলেও অপরাধের বীভৎসতা বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ড অপর্যাপ্ত হওয়ায় আসামিকে ফাঁসির আদেশ দেওয়া হয় বলে রায়ে বলা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৩ ধারার সংবিধিবদ্ধ বিধান অনুযায়ী আদালত নির্দেশ দেন, নবজাতক কন্যা সন্তানটি তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে থাকবে। শিশুটি রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে তার পিতা (দণ্ডিত আসামি) ও মাতা- উভয়ের পরিচয়ে পরিচিত হবে।কন্যা সন্তানটির বিবাহ না হওয়া পর্যন্ত তার যাবতীয় ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র বহন করবে। সরকার পরবর্তীতে এই অর্থ দণ্ডিত আসামির সম্পত্তি থেকে বকেয়া ভূমি রাজস্বের মতো করে আদায় বা বাজেয়াপ্ত করবে।

আদালত রায়ে বলেছেন, সাম্প্রতিককালে আবাসিক, অনাবাসিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক কর্তৃক যৌন হয়রানি, ধর্ষণসহ বিবিধ যৌন নির্যাতনের খবর নিয়মিত গণমাধ্যছে প্রকাশিত হচ্ছে, যা সমাজকে ব্যথিত, শঙ্কিত করে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ৩ উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ৩ নেত্রকোনার ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড নেত্রকোনার ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড শাহজাদে কোরকুত মসজিদ : একটি প্রাচীন গির্জা থেকে মসজিদে রূপান্তরের ইতিহাস শাহজাদে কোরকুত মসজিদ : একটি প্রাচীন গির্জা থেকে মসজিদে রূপান্তরের ইতিহাস গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ