ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন টিউলিপ সিদ্দিক
প্রকাশ :
ছবি : সংগৃহীত
পিপলসনিউজ ডেস্ক
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। ইউনূস প্রশাসনের আনা দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে গত বছর তাকে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল।
সম্প্রতি গুটো হ্যারি ও ডেভিড ডেভিস সঞ্চালিত ‘পলিটিকস আনলিশড’ নামের এক পডকাস্টে টিউলিপ এ কথা বলেন। টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের পার্লামেন্ট সদস্য (এমপি)। রাজধানী ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ পেতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত টিউলিপকে তার অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেন।
ওই মামলায় টিউলিপের সঙ্গে আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়েছিল। শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন লন্ডনে বসবাসরত টিউলিপ। পডকাস্টে টিউলিপ দাবি করেন, তিনি প্রতিহিংসামূলক মামলার শিকার হয়েছেন। তিনি বলেন, আমি একজন স্বনামধন্য আইনজীবীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট ভিত্তি আমার রয়েছে। আমি আইনজীবীদের সঙ্গে আইনি বিকল্পগুলো খতিয়ে দেখছি এবং পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।
এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে সম্পূর্ণ হাস্যকর বলে আখ্যা দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, খালা শেখ হাসিনা ও মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের বলি হয়েছেন তিনি।
সাক্ষাৎকারে টিউলিপ অভিযোগ করেন, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানতে তার আইনজীবীরা বারবার বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিলেও কোনো জবাব পাননি। এমনকি মোহাম্মদ ইউনূস লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অবস্থানকালে তার কাছে হাতে লেখা একটি চিঠি পাঠিয়ে সরাসরি দেখা করার চেষ্টাও করেছিলেন বলে জানান টিউলিপ।
টিউলিপ দাবি করেন, তিনি (ইউনূস) তার (টিউলিপ) সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। তিনি আরও জানান, অভিযোগ বা বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি ভীত ছিলেন না, কারণ তিনি জানতেন যে তিনি নির্দোষ। তিনি বলেন, অন্য যেকোনো কিছুর চেয়ে পুরো বিষয়টিতে আমি বেশি বিভ্রান্ত ও হতভম্ব হয়ে পড়েছিলাম।
তিনি আরও বলেন, আমাকে কী জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি অ্যালার্ট দেখে আমি প্রথম জানতে পারি যে আমাকে দণ্ড দেওয়া হয়েছে।
টিউলিপ সিদ্দিক জানান, এই বিতর্কের সময়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে তিনি সমর্থন পেয়েছিলেন। তিনি জানান, নিরাপত্তা হুমকি পাওয়ার পর স্টারমার যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন, তখন তিনি তাকে বার্তা পাঠিয়েছিলেন। টিউলিপের ভাষায়, সময়টা মিলে গিয়েছিল ঠিক যখন তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।
তবে ব্রিটিশ রাজনীতি ও সংবাদমাধ্যমে যখন স্টারমারকে টিউলিপের বিষয়ে বারবার জবাবদিহির মুখে পড়তে হচ্ছিল, তখন তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। টিউলিপ বলেন, কিয়ারকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার অংশ ছিলাম আমি। শুরু থেকেই আমি তাকে সমর্থন দিয়েছি... আর এখন নিজেই তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিলাম।
স্টারমারের ঘনিষ্ঠ এই রাজনীতিক জানান, সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুতি তার জন্য খুবই বেদনাদায়ক ছিল। তবে স্টারমারের উত্তরসূরি অ্যান্ডি বার্নহ্যামের প্রশংসা করে টিউলিপ বলেন, দিনশেষে আমি যা চাই তা হলো একটি লেবার সরকার, আরেকটি লেবার সরকার। অ্যান্ডি যদি তা দিতে পারেন, তবে আমাকে নিজের দুঃখ একপাশে সরিয়ে রেখে এই বাস্তবতায় নজর দিতে হবে যে আমাদের একটি লেবার সরকার রয়েছে যা জনমত জরিপে ভালো করছে।
পিপলসনিউজ/আরইউ