weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার

প্রকাশ : ২৩-০৬-২০২৬ ১৯:৩০

পুরান ঢাকার হোসেনী দালান ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ/ ছবি : সংগৃহিীত।

নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে মিছিল, সমাবেশ ও জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল বা জমায়েতের সম্ভাবনা সম্পর্কে গোয়েন্দা তথ্য ছিল। এ কারণে গত তিন দিন ধরে ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট, মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল এবং সাদা পোশাকে নজরদারি জোরদার করা হয়।

তিনি বলেন, “তাদের উদ্দেশ্য ছিল সরকারকে বিব্রত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো। ডিএমপির সদস্যরা এখন পর্যন্ত সেই পরিকল্পনা সফলভাবে প্রতিহত করেছে। আশা করি, দিনশেষেও তারা কোথাও সংগঠিত হতে পারবে না।”

মোসলেহ্ উদ্দিন আহমদ আরও জানান, সন্দেহভাজন বিভিন্ন মেস, হোটেল ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি আওয়ামী লীগের একটি মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাষ্য, “মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় আমাদের ধারণা হয়েছে, সুযোগ পেলে তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে পারে। তাই রাজধানীতে প্রবেশপথসহ বিভিন্ন স্থানে নজরদারি অব্যাহত থাকবে।”

আসন্ন আশুরা ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হুমকির তথ্য পাওয়া যায়নি। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিল ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ড্রোন ও সিসিটিভি নজরদারি, বিশেষায়িত ইউনিটের টহল, বোম্ব ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ইমামবাড়া ও সমাবেশস্থলগুলোকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।

ডিএমপি সূত্রে জানানো হয়, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ১ থেকে ৭ মহররম পর্যন্ত মোট ৬৩টি তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। প্রতিটি মিছিলের জন্য পৃথক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য প্রধান তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে। এ সময় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

পাশাপাশি অনলাইন গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সাইবার পেট্রোলিং ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

পিলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার