weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের তথ্য সংগ্রহ করছে কারা? যা বললেন এসবি প্রধান

প্রকাশ : ২১-০৫-২০২৬ ১৮:৫২

ফাইল ছবি।

পিপলসনিউজ ডেস্ক
পুলিশের বিশেষ শাখার (এসবি) মাঠ কর্মকর্তারা দুদিন ধরে সাংবাদিকদের ডেকে ডেকে তথ্য সংগ্রহ করায় হইচই শুরু হলেও এসবির প্রধান সরদার নুরুল আমিন বলছেন অন্য কথা। তার ভাষ্য, এটা তাদের কেন্দ্রীয় তৎপরতা নয়, কেউ ‘ব্যক্তিগত উদ্যোগে’এটা করতে পারে বলে তার ধারণা।

এর মধ্যে সাংবাদিকদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে কে বা কারা এটা করছে, কেন করছে, তা এখনো স্পষ্ট হয়নি।

চব্বিশের পরবর্তী সময়ে সাংবাদিকদের একটি অংশকে ‘ফ্যাসিস্টের দোসর’আখ্যা দিয়ে নানাভাবে হয়রানি করার চেষ্টা চলে। শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন, এখনো কারাগারে আছেন কয়েকজন।

মব তৈরি করে দুটি পত্রিকা অফিসে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। কয়েকটি পত্রিকা ও টেলিভিশন স্টেশনের শীর্ষ পদগুলো ‘চর দখলের মত’দখল হয়ে গেছে বলেও সাংবাদিক মহলে আলোচনা রয়েছে।

চারদিন আগে দেশের মুদ্রিত সংবাদপত্রগুলোর একাংশের সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করে ২৮২ জন সাংবাদিকের একটি তালিকা দিয়েছেন, যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে।

তাদের মধ্যে ৯৪ জনের বিরুদ্ধে ৫ অগাস্ট পরবর্তী সময়ে হত্যা মামলা হয়েছে। অনেক সাংবাদিকের বিরুদ্ধে এখনো বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে এসবির নামে তথ্য চাওয়ায় কিছুটা আতঙ্কও তৈরি করেছে।

ঢাকার বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে এসবির সদস্য বা কর্মকর্তা পরিচয়ে যোগাযোগ করা হয়েছে। কোনো কোনো সাংবাদিকের বাসা পর্যন্ত গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক বা আইডি, জাতীয় পরিচয়পত্র, বিদ্যুৎ বিলের কপির পাশাপাশি রাজনৈতিক পরিচয়সহ ব্যক্তিগত নানা তথ্য জানতে চাওয়া হয়েছে। এসব ব্যাপারে তথ্য চেয়ে সিটিএসবির নামে তৈরি করা একটি ফরমও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে।

একটি সরকারি গণমাধ্যমের একজন জ্যেষ্ঠ সাংবাদিক নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, তাদের অফিসের কয়েকজনকে ফোন করে দেখা করেছেন সিটি এসবির কর্মকর্তারা। একটি ফরম ধরে তারা নাম, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক যোগ্যতা, সাংবাদিকতা ছাড়া আর কোন পেশা আছে কী না, পারিবারিক তথ্য, রাজনৈতিক ধ্যান-ধারণার তথ্য চাওয়া হয়। এসবের পাশাপাশি তার ফেইসবুক আইডিও নিয়ে গেছেন ওই কর্মকর্তা।

বাসসের ওই সাংবাদিক বলেন, “মূলত আওয়ামী আমলে নিয়োগ পাওয়া সাংবাদিকরা বুধবার পর্যন্ত এরকম কল পেয়েছেন। অনেকের সাথেই কর্মকর্তাদের আচরণ রূঢ় ছিল বলে তারা অফিসে আলাপ করেছেন। তবে আমার সাথে যথেষ্ট ভালো আচরণ করেছেন ওই কর্মকর্তা।”

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের সময় বৃহস্পতিবার তাকে ফোন করেন ওই কর্মকর্তার পূর্ব পরিচিত এক সাংবাদিক। প্রসঙ্গ ওই এসবির ‘ভেরিফিকেশন’।

বিষয়টি ‘একটু দেখার’জন্য পুলিশ কর্মকর্তাকে ফোনে অনুরোধ করেন ওই সাংবাদিক। ফোনে আলাপ শেষে ওই পুলিশ কর্মকর্তা বলেন, এ নিয়ে তিনবার তাকে ফোন করলেন ওই সাংবাদিক, অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে ‘তিনি বেশ ভীত’।

কেন হঠাৎ করে সাংবাদিকদের তথ্য সংগ্রহ শুরু হল জানতে বৃহস্পতিবার যোগাযোগ করা হয় পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিনের সঙ্গে। তিনি বলেন, বিষয়টি নিয়ে তাদের সদর দপ্তর ‘দাপ্তরিকভাবে অবগত নয়’। সাংবাদিকরা তাকে ফোন করলে তিনি বিষয়টি জানতে পারেন। "এরকম হচ্ছে বলে আমাকে একজন ফোন করেছিল। এটা আমি ভেরিফাই করতে দিয়েছি। আমি এটা দেখছি।" 

তথ্য সংগ্রহ এখনো চলছে কি না জানতে চাইলে সরদার নুরুল আমিন বলেন, "না, না, না। এটা কে করেছে… ইন্ডিভিজুয়াল কেউ করেছে কি না আমি খোঁজ নিচ্ছি।" এসবির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে এ বিষয়ে কোনো নির্দেশনা ছিল কি না প্রশ্ন করা হলে তিনি ‘না’ সূচক জবাব দেন।

সাংবাদিক মহলে প্রতিক্রিয়ার পর এ বিষয়ে খোঁজ খবর করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে তার মনে হয়েছে, বিষয়টি কেন্দ্রীয় কোনো উদ্যোগের অংশ নয়। বুধবার আমাকেও এসবির নাম করে ফোন দিয়েছিল। আরও অনেক সাংবাদিকই একই রকম ফোন পেয়েছেন। বিষয়টি নিয়ে সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।  

তিনি আরও বলেন, বুধবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে আমি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের চিফের সঙ্গে কথা বলি। তিনি আমাকে বলেছেন এ বিষয়ে তিনি কিছু জানেন না।এরপর বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আমার সাথে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছিল। তাদের কথা শুনে মনে হয়েছে তারাও এ বিষয়ে কিছু জানে না। তাহলে এটা করছে কারা? আবু সালেহ আকন বলেন, “আমার কাছে মনে হচ্ছে সরকারকে বেকায়দায় ফেলার জন্য সরকারের ভেতরেরই কোনো গোষ্ঠী এসব করছে।

পিলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সিইসি : সহিংসতাহীন স্থানীয় সরকার নির্বাচন করাই চ্যালেঞ্জ সিইসি : সহিংসতাহীন স্থানীয় সরকার নির্বাচন করাই চ্যালেঞ্জ সাংবাদিকদের তথ্য সংগ্রহ করছে কারা? যা বললেন এসবি প্রধান সাংবাদিকদের তথ্য সংগ্রহ করছে কারা? যা বললেন এসবি প্রধান হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৬৩১ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৬৩১ পল্লবীতে শিশু হত্যা : এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ পল্লবীতে শিশু হত্যা : এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ খুলনায় টানা তৃতীয় দিন মহাসড়ক অবরোধ খুলনায় টানা তৃতীয় দিন মহাসড়ক অবরোধ