বনানীতে ছুরিকাঘাতে একই পরিবারের ৩ জন আহত
প্রকাশ :
ফাইল ছবি।
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীতে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী ওয়্যারলেস শিশুমেলা স্কুলের সামনে এই ঘটনা ঘটে। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আহতরা হলেন- সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) জানে আলম স্থানীয় বাসিন্দা, আহতদের স্বজন এবং পুলিশ সূত্রের বরাত দিয়ে জানান, ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী টিঅ্যান্ডটি কলোনির বাসিন্দা সুমন মিয়ার সঙ্গে আরিফ নামে এক ব্যক্তির পাওনা টাকা পরিশোধের বিষয়ে সাক্ষাতের কথা ছিল।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সুমন তার স্ত্রী ও শ্যালককে নিয়ে ঘটনাস্থলে যান। অন্যদিকে আরিফ সাত থেকে আটজন সহযোগীকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন।
একপর্যায়ে পাওনা টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরে আরিফ ও তার সহযোগীরা সুমন, সোনিয়া ও রাসেলকে মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়।
তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পিলসনিউজ/এসসি