জাতীয় ঈদগাহের কাছে এক ঘণ্টায় দুই মরদেহ উদ্ধার
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জাতীয় ঈদগাহের কাছাকাছি আলাদা দুটি জায়গা থেকে এক ঘণ্টার মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনেই পুরুষ। তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ জাতীয় ঈদগাহের পাশের ফুটপাত থেকে, আরেকজনের ঈদগাহ–সংলগ্ন কদম ফোয়ারা থেকে উদ্ধার করা হয়েছে। একজনের বয়স আনুমানিক ৬৫ ও আরেকজনের ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
শাহবাগ থানার এসআই তৌফিক হাসান বলেন, একজন পথচারী মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়।
তিনি আরও বলেন, মৃত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে এবং সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুজনেই ভবঘুরে হতে পারেন। তারা ঈদগাহের আশপাশের ফুটপাতে থাকতেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মো. মনিরুজ্জামান বলেন, জাতীয় ঈদগাহের পাশের ফুটপাতে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিপলসনিউজ/আরইউ