হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৩৪ লাখ শিশু
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া প্রায় ৩৪ লাখ শিশুকে সুরক্ষা দিতে দেশজুড়ে বিশেষ হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী (পাঁচ বছরের কম) বাদ পড়া শিশুদের টিকাদান করা হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগে গত ১৩ সেপ্টেম্বর সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে মাঠপর্যায়ের সব কার্যালয়ে একটি জরুরি নির্দেশনা পাঠানো হয়। সেখানে নিজ নিজ এলাকার হাম ও রুবেলার টিকা না পাওয়া ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুর সুনির্দিষ্ট তথ্য তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছিল।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সারা দেশের বাদ পড়া শিশুদের রোগ টিকার আওতায় আনতেই সরকার এই বিশেষ নিয়েছে।
মার্চ মাসের শুরুতে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। সাত মাস পরেও হাম নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্রের শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে সারা দেশে এক হাজার ২০১ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন।
সাত মাসের হিসাবে দেখা যাচ্ছে, এ বছর হামে এক হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জন এবং নিশ্চিত হামে ১০১ জন মারা গেছে। এই সময় সারা দেশে এক লাখ ৮৫ হাজার ৮৩৩ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসে। এই সময় নিশ্চিত হাম শনাক্ত হয় ২১ হাজার ১৫ জনের। শুক্রবার সারা দেশে পাঁচ হাজারের বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘হামের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধান উপায় টিকা। আমরা ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনতে চাই। ইপিআইয়ের মাধ্যমে নিয়মিত টিকাদান চলবে, পাশাপাশি ক্যাম্পেইনও চলবে।’
পিপলসনিউজ/আরইউ