ডেঙ্গুতে নয় মাসে ২৫০ জনের মৃত্যু
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে এক হাজার ১৬৩ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৫০ জনের মৃত্যু হলো।
শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার (ডিএনসিসি) হাসপাতালগুলোতে ৮০ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ভর্তি হন ৪৫ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ২৯৫ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৫১ জন, চট্টগ্রামে ৩৩৩ জন, খুলনায় ১১১ জন, ময়মনসিংহে ৭৭ এবং রংপুরে ৭১ জন ভর্তি হয়েছেন।
বুলেটিনের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৬৩ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছর ৮২ হাজার ৭৬১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৬ হাজার ৮৬২ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
বুলেটিন অনুসারে, চলতি বছরের প্রথম নয় মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা ঘটে সেপ্টেম্বরে। গত মাসে মৃত্যু হয়েছে ১৪৮ জনের; আর হাসপাতালে যেতে হয়েছে ৪৩ হাজার ৭৭৪ জনকে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল এক লাখ দুই হাজারের মতো।
পিপলসনিউজ/আরইউ