weather ৩৩.০৯ o সে. আদ্রতা ৪৮% , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, যুবক বাবাসহ ডিবি হেফাজতে

প্রকাশ :

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, যুবক বাবাসহ ডিবি হেফাজতে

ছবি : সংগৃহীত

রাজশাহী ব্যুরো
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করে আলোচনায় আসা এক যুবককে আটক করা হয়েছে। ওই যুবকের নাম আবু বকর সিদ্দিক। আবু বকরের বাবা আয়নাল হককেও আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক আবু বকর ও তার বাবাকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকর ও তার বাবাকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেছেন তারা। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, ‘রাজশাহী থেকে আটক করার পর আবু বকর ও তার বাবাকে ঢাকায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।’ 

আটক আবু বকরের বাড়ি রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায়। তার বাবা আয়নাল হক পেশায় কৃষক। তার চার ছেলেমেয়ে। একমাত্র ছেলে আবু বকর সিদ্দিকই সবার বড়। তিনি রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি ভ্যানে করে সবজি পরিবহনের কাজ করেন আবু বকর সিদ্দিক। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তিনি এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। আবু বকর বাইকারদের দলের সঙ্গে যুক্ত। বাইক নিয়ে একসঙ্গে দূর-দুরান্তে ঘুরে বেড়ান।

আবু বকরের মা আসমাউল হুসনা দাবি করেন, তার ছেলে নিরীহ, পরিশ্রমী এবং মেধাবী। তাকে এ ঘটনার সঙ্গে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে।

অভিযানে আবু বকরের পরিবারের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

গত  মঙ্গলবার বিকাল তিনটার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ বিমান। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে রাজশাহীর নগরীতে প্রবেশ করেন। এ সময় রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানায়। চলন্ত বাস থেকে প্রধানমন্ত্রীও হাত নেড়ে জবাব দেন।

তবে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে ব্যবহৃত বাস নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এই পোস্টের সঙ্গে যুক্ত করা হয় প্রধানমন্ত্রীকে বহনকারী রুয়েটের বাসের ছবি।

পোস্টটির মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয় ‘ইস! একটা বড় সুযোগ। শুধু একটা স্নাইপারের অভাব ছিল’। মন্তব্যটির ভাষা ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা।

মন্তব্যটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবু বকরকে শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আলী আশরাফ মাসুম বলেন, ‘ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে আমরাও উদ্বিগ্ন হয়েছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্যটি তার প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুক পেজে একজন একটি মন্তব্য করেছেন, যা অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের বাজারে সোনার দাম আরও কমলো দেশের বাজারে সোনার দাম আরও কমলো সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে তিব্বতে সাত মাত্রার ভূমিকম্প, নিহত ১৮ তিব্বতে সাত মাত্রার ভূমিকম্প, নিহত ১৮ থানায় ওসির সঙ্গে এমপি রুমিনের বাগবিতণ্ডা থানায় ওসির সঙ্গে এমপি রুমিনের বাগবিতণ্ডা