প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি
প্রকাশ :
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী, ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যের কমিটিকে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে বিমানের চিফকে (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) সভাপতি করা হয়েছে। অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে আছেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)।
কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা এবং এর ফলে ফ্লাইটের বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর সৃষ্ট প্রভাব নিরূপণ করতে বলা হয়েছে।
এর আগে ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দেয় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট বিজি-৩৭৭।
বিষয়টি নিশ্চিত করে রাতে এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইট বিজি-৩৭৭ কারিগরি ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিলম্বে উড্ডয়ন করে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপকের উপস্থিতিতে বিমানের নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম ও জাপানের টেকনিশিয়ানরা যৌথভাবে কারিগরি ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সফল মেরামতের পর বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে উড়োজাহাজটিকে পুশব্যাক করা হয় এবং রাত ৭টা ৫৫ মিনিটে ফ্লাইটটি নিরাপদে বাংলাদেশের উদ্দেশে নারিতা বিমানবন্দর ত্যাগ করে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিনগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পিপলসনিউজ/আরইউ