পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সকাল ১১টায় শ্রমভবনে এ সভা হওয়ার কথা ছিল। সভার নতুন তারিখ নির্ধারণ করে শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে।
পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করতে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। কথা ছিল, আজ মালিকপক্ষ মজুরির প্রস্তাব দেবে। এর আগে শ্রমিকেরা ৩২ হাজার টাকা নিম্নতম মজুরির প্রস্তাব দিয়েছিলেন।
শ্রমিক নেতা ও নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গণমাধ্যমকে বলেন, আজ সকাল ৮টায় বোর্ডের চেয়ারম্যান আমাকে জানান, সভা স্থগিত করা হয়েছে। কেন সভা স্থগিত করা হলো, তার বেশ কয়েকটি কারণ আমাকে বলা হয়েছে। যেমন চলমান শ্রম আন্দোলন বন্ধ না হওয়া এবং সামগ্রিকভাবে শ্রম পরিস্থিতির উন্নতি না হওয়া, রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতা।
পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।
তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।
চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।
তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় পরের মাসে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে।
২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি আট হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।
গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে মজুরি দাবি করেছিলেন, মালিকেরা তার অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করেছেন। প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব ছিল অনেক কম। তাদের প্রস্তাব বড় ধরনের আন্দোলন উসকে দেয়। শেষ পর্যন্ত শ্রমিকদের লাগাতার আন্দোলন ও আলোচনায় দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয় মালিকপক্ষ।
পিপলসনিউজ/আরইউ