গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের লগি, বৈঠা নিয়ে মিছিলের প্রেক্ষাপটে সেখানে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, জেলাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও প্রয়োজনীয় দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) রয়েছে বলেও জানানো হয়েছে।
ওই বার্তায় বলা হয়েছে, এদিকে মাঠপর্যায়ে দায়িত্বরত বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বেশিরভাগ সদস্যদের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।
পাশাপাশি ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ারের' আওতায় বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করছেন বলেও জানানো হয়েছে।
গোপালগঞ্জ জেলা শহর রোববার কার্যত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দখলে ছিল।
সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করেন। এরপর তারা লগি-বৈঠা নিয়ে একযোগে মিছিল নিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘোরেন।
এরমধ্যে রোববার সন্ধ্যায় গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। একইসঙ্গে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। একইদিন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
বদলি হওয়া পুলিশের তিন কর্মকর্তা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। চিঠিতে জানানো হয়েছে, এই তিনজনকে কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।
পরদিন সোমবারও বাড়তি সতর্কতার অংশ হিসেবে মাঠে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিজিবি মোতায়েন করল প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেও বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। দেশের যেকোনো প্রয়োজনে সরকার অর্পিত দায়িত্ব নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে পালন করতে বিজিবি বদ্ধপরিকর।
পিলসনিউজ/আরইউ