weather ২১.৯৯ o সে. আদ্রতা ৮৮% , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ

প্রকাশ :

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) সাবেক সচিব জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের পক্ষ থেকে এই প্রস্তাব আসার পর তা গৃহীত হয়।

আগামী দুই বছর এই দায়িত্ব পালন করবেন জয় শাহ। এ সময় দক্ষিণ আফ্রিকায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পাশাপাশি ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নিশ্চিত করতে কাজ করবে আইসিসি।

আইসিসির এক বিবৃতিতে সোমবার (১৬ নভেম্বর) জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। অব্যাহত বিশ্বাস ও সমর্থন দেওয়ার জন্য প্রত্যেক পরিচালকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে গৌরবের ও দায়িত্বের, এবং বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে আমাদের সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

জয় শাহ আরও যোগ করেন, ‘আমরা আমাদের খেলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর একটি সময়ে প্রবেশ করছি। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন আমাদের খেলাটিকে নতুন দর্শকদের কাছে পরিচিত করার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও ভক্তদের অনুপ্রাণিত করার এক অসাধারণ সুযোগ এনে দিয়েছে।’

৩৮ বছর বয়সী জয় শাহ এর আগে ২০২৪ সালের শেষের দিকে গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়ে আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

২০০৯ সালে সেন্ট্রাল বোর্ড অব ক্রিকেট, আহমেদাবাদের (সিবিসিএ) সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে ক্রিকেট প্রশাসনে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় জয় শাহর।

এরপর জয় শাহ রাজ্য পর্যায়ে কাজ শুরু করেন—প্রথমে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) নির্বাহী সদস্য হিসেবে। ২০১১ সালে তিনি বিসিসিআইয়ের মার্কেটিং কমিটিতে অন্তর্ভুক্ত হন। মাত্র ২৫ বছর বয়সে ২০১৩ সালে তিনি জিসিএ-র সচিব পদে উন্নীত হন এবং বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করেন।

প্রশাসক হিসেবে শাহর প্রথম বড় পদক্ষেপটি ছিল গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনেই। ২০১৩ সালে তার বাবা রাজ্য সংস্থাটির সভাপতি থাকাকালীন জয় শাহ যুগ্ম সচিবের দায়িত্ব নেন এবং আহমেদাবাদের তৎকালীন মোতেরা স্টেডিয়ামের বিশাল সংস্কার কাজের নেতৃত্ব দেন। ঘোষণার পর থেকেই এটিকে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে অভিহিত করা হয়েছিল।

বিশ্ব ক্রিকেটের শীর্ষ পদে আরোহণের পূর্বাভাস হিসেবে এর আগে জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি নিযুক্ত হয়েছিলেন। তিনি এসিসিরও সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন। পরবর্তীতে ২০২২ সালে তিনি আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক (এফঅ্যান্ডসি) কমিটির চেয়ারম্যান হন। জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। 

এদিকে, বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০৩১ সাল পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান নয় দলের কাঠামো বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটের মূল আসরে জায়গা করে নেওয়ার বাছাইপর্বের টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে বাছাইপর্বের সুপার সিক্স পর্ব বাদ দেওয়া হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত রামিসা ধর্ষণ ও হত্যা: হাইকোর্টের রায় মঙ্গলবার রামিসা ধর্ষণ ও হত্যা: হাইকোর্টের রায় মঙ্গলবার পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউপিতে হবে ভোট পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউপিতে হবে ভোট নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন