weather ২৯.৬৯ o সে. আদ্রতা ৭৮% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এমন পরিণতি যেন কারো না হয়, বিভুরঞ্জনের মৃত্যু নিয়ে ভাই চিররঞ্জন

প্রকাশ : ২৩-০৮-২০২৫ ২১:৩৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মতো পরিণতি যেন আর কারো না হয়, সেই প্রার্থনা করেছেন তার ছোট ভাই চিররঞ্জন সরকার। শুক্রবার (২২ আগস্ট) রাতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ভাইয়ের লাশ শনাক্ত করার পর এ কথা বলেন তিনি।

বিভুরঞ্জন সরকারের পরিবারের কারো সঙ্গে কোনো মনোমালিন্য ছিল না জানিয়ে চিররঞ্জন সরকার বলেন, কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কিছু ছিল কিনা আমরা জানি না। এটি আত্মহত্যা, না খুন, না পরিকল্পিত কোনো ঘটনা, আমরা জানি না। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তিনি কীভাবে মারা গেলেন, সেটি আমরা জানি না। আমি শুধু এটুকুই বলব, এমন পরিণতি যেন আর কারো না হয়।

৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কর্মস্থলে যাওয়ার কথা বলে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন তিনি। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

শুক্রবার বিকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে একজনের মরদেহ ভাসতে দেখে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান স্থানীয় ব্যক্তিরা। নৌ পুলিশের সদস্যরা গিয়ে বিকাল পৌনে চারটার দিকে লাশটি উদ্ধার করেন। লাশ দেখে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের মনে হওয়ায় ছবি তুলে ঢাকার রমনা থানায় পাঠান তারা। সেই ছবি দেখে ঢাকা থেকে মুন্সিগঞ্জে যান বিভুরঞ্জনের ভাই চিররঞ্জন সরকার ও ছেলে ঋত সরকার। রাত পৌনে নয়টায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে লাশটি শনাক্ত করেন তারা।

বাবার লাশ দেখে আসার পর ঋত সরকার বলেন, বাবার নাক দিয়ে রক্ত ঝরছিল, কিছু আঘাতের চিহ্ন রয়েছে। এটি আসলে কী কারণে হচ্ছে, আমরা বুঝতে চাই। যারা এ বিষয়ে অভিজ্ঞ, তাদের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হতে চাই।

তার বাবা কোনো কারণে চিন্তিত বা হতাশাগ্রস্ত ছিলেন কিনা, সে প্রশ্নের জবাবে ঋত সরকার বলেন, আমার বাবা স্বাভাবিকভাবে সব সময় শান্ত থাকতেন। তার মধ্যে ব্যতিক্রম কোনো কিছু লক্ষ করিনি। হতাশাগ্রস্ত ছিলেন কিনা, সেটি আমরা ঠিক বলতে পারছি না। তিনি প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার সকালে খেয়ে, ইনসুলিন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। যাওয়ার আগে মাকে বলে গিয়েছিলেন বিকাল পাঁচটা, সাড়ে পাঁটার দিকে বাড়িতে ফিরে আসবেন। বিকাল পাঁচটার পরে যখন বাবা ফিরে আসেননি, তখন আমরা তার মোবাইল ফোনে ফোন করি। ফোনটা বন্ধ পাই। পরবর্তীতে আমরা রমনা থানায় জিডি করি।

ঋত সরকার বলেন, বাবা পরিচিত কারো সঙ্গে আছেন কিনা, নিশ্চিত হওয়ার জন্য তার বন্ধুবান্ধব ও পরিচিতদেরও ফোন করি। যখন নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে যায়, তখন আমরা আরো বেশি চিন্তিত হই। তখন বেশি খোঁজাখুঁজি শুরু হয়। সকালে আমাদের বাসায় পুলিশ এসেছিল। আমরা বাবার ফোনটি বাড়িতে পাই।

বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় মোবাইল ফোনটি বন্ধ করে রেখে গিয়েছিলেন বলে জানান তার ছোট ভাই চিররঞ্জন সরকার। তিনি বলেন, বৃহস্পতিবার রাতটি চরম উদ্বেগ, উৎকণ্ঠার মধ্য দিয়ে গেছে। শুক্রবারও আমরা নানাভাবে চেষ্টা করেছি কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায় কিনা।

পুলিশের তদন্তে তার ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসুক, সেই প্রত্যাশা জানান চিররঞ্জন সরকার।

বিভুরঞ্জন সরকারের নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পর শুক্রবার বিকাল ৫টা ২৩ মিনিটে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ‘খোলা চিঠি’ শিরোনামে তার একটি লেখা প্রকাশিত হয়। সেখানে বলা হয়, বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় চিঠিটি তিনি তাদের মেইল করেছিলেন। ‘জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন’, ফুটনোট দেওয়া ওই লেখায় বিভুরঞ্জন সরকার সাংবাদিকতা জীবনের গুরুত্বপূর্ণ নানা ঘটনা, বর্তমান অন্তর্বর্তী সরকার ও গণমাধ্যম পরিস্থিতি, নিজের ও ছেলের অসুস্থতা, মেডিক্যাল পাস সরকারি কর্মকর্তা মেয়ের উচ্চতর পরীক্ষায় অসফল হওয়া, বুয়েট থেকে পাস করা ছেলের চাকরি না হওয়া এবং নিজের আর্থিক দৈন্যদশা নিয়ে হতাশার কথা তুলে ধরেন।

ওই চিঠি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। চিঠির বিষয়ে জানতে চাইলে চিররঞ্জন সরকার বলেন, ‘আমার পরিবারের কেউ কারো সঙ্গে তেমন কথা বলি না। আমার ভাইয়ের একটা মেয়ে আছে। মেয়ের ঘরে একটি নাতি আছে। সেই ছোট নাতির সঙ্গে ভাই অনেক কথা বলতেন। তাই এ বিষয়টি আমরা তেমন লক্ষ করিনি।’

বিভুরঞ্জন সরকারের স্ত্রীর ভাই দীপঙ্কর সাহা চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিঠিটি তারা আগে দেখেননি। যদি দেখতেন, তাকে বাড়ি থেকে বের হতে দিতেন না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত