weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শূকরের কিডনিতে রেকর্ড ৯ মাস বেঁচে ছিলেন যুক্তরাষ্ট্রের এক রোগী

প্রকাশ :

শূকরের কিডনিতে রেকর্ড ৯ মাস বেঁচে ছিলেন যুক্তরাষ্ট্রের এক রোগী

চিকিৎসকদের সঙ্গে টিম অ্যান্ড্রুজ (মাঝে), ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
শূকরের কিডনি ব্যবহার করে রেকর্ড নয় মাস ডায়ালাইসিস ছাড়া বেঁচে ছিলেন যুক্তরাষ্ট্রের একজন রোগী। এমন সাফল্য ভবিষ্যতে চিকিৎসা জগতে মানব অঙ্গের সংকট ঠেকাতে ভূমিকা রাখবে বলে মনে করছেন গবেষকরা।

নিউ হ্যাম্পশায়ারের ৬৬ বছর বয়সি টিম অ্যান্ড্রুজের শরীরে যে কিডনি ব্যবহার করা হয়, সেটি ইউক্যাটান প্রজাতির ‘উইলমা’ নামে একটি শূকরের।

যুক্তরাজ্যভত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত অ্যান্ড্রুজের ক্ষেত্রে মানুষের কিডনি পাওয়ার সম্ভাবনা ছিল ক্ষীণ। এ অবস্থায় অন্য প্রাণীর অঙ্গ প্রতিস্থাপনকে সমাধান হিসেবে বেছে নেন চিকিৎসকরা।

‘জেনোগ্রাফ্ট’ নামের এ চিকিৎসা পদ্ধতি দীর্ঘদিন ধরেই ব্যবহার করা হচ্ছে।

অ্যান্ড্রুজের রোগ প্রতিরোধ সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে মার্কিন চিকিৎসকরা ‘উইলমা’ শূকরের কিডনিতে জিনগত কিছু পরিবর্তন আনেন। কিডনিটি অ্যান্ড্রুজকে টানা নয় মাস ডায়ালাইসিসমুক্ত রাখে, যা নজিরবিহীন।

এরপর কিডনিটি কার্যসক্ষমতা হারাতে শুরু করে। এর মধ্যে অবশ্য মারা যাওয়া এক দাতার কিডনি পেয়ে যান অ্যান্ড্রুজ।

এর আগে ২০২৪ সালে জীবিত মানুষের দেহে প্রথমবারের মতো শূকরের কিডনি প্রতিস্থাপন হয়। কিন্তু নানা জটিলতায় সেই রোগী ৫২ দিন বেঁচে ছিলেন।

‘ল্যানসেট’ মেডিকেল জার্নালের তথ্য অনুসারে, এর আগে কোনো গবেষণাতেই দুই মাসের বেশি সময় ধরে শূকরের জেনোগ্রাফ্ট টিকে থাকার নজির ছিল না।

চিকিৎসার এ সাফল্যকে ‘অলৌকিক’ হিসেবে বর্ণনা করেছেন অ্যান্ড্রুজ। তার ভাষায়, আমি বেঁচে আছি- এই অনভূতি আমার এতদিন ছিল না।

শূকরের কিডনি প্রতিস্থাপনের পর নিজের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, রান্না করা, ঘর পরিষ্কার করা ও পোষা কুকুরের সঙ্গে দীর্ঘ সময় ধরে হাঁটাহাটি করতে পারি আমি। 

‘ল্যানসেট’ সাময়িকীতে এ সাফল্যের বিস্তারিত প্রকাশ পেয়েছে, যা কিডনি বিকল হয়ে যাওয়া বিশ্বজুড়ে লাখো মানুষের মনে নতুন জীবনের স্বপ্ন ও আশার সঞ্চার করতে পারে।

ম্যাসাচুসেটস জেনারেল ব্রিগহামের গবেষকদের তথ্য অনুসারে, অ্যান্ড্রুজের দেহে প্রতিস্থাপনের আগে ‘উইলমা’ নামের শূকরটির জিনোম বা জিন বিন্যাসে মোট ৬৯টি সুনির্দিষ্ট পরিবর্তন আনা হয়।

কিছু পরিবর্তন আনা হয় মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ বিভিন্ন ভাইরাস ঠেকানোর উদ্দেশ্যে। বাকি পরিবর্তনগুলো করা হয় অঙ্গটিকে মানবদেহের উপযোগী করে তোলার জন্য।

ম্যাসাচুসেটসের অলাভজনক চিকিৎসাপ্রতিষ্ঠান ‘ম্যাস জেনারেল ব্রিগহাম’-এর বিশেষজ্ঞ দলটি বলেছে, একজন মৃত মানব দাতার কিডনি পাওয়ার আগে অ্যান্ড্রুজ জিনগতভাবে সম্পাদিত এ কিডনি সফলভাবে ২৭১ দিন ব্যবহার করেছেন।

চিকিৎসকরা বলছেন, জীবিত মানুষের ক্ষেত্রে শূকরের কিডনি প্রতিস্থাপনের পর এটাই ডায়ালাইসিস ছাড়া দীর্ঘতম সময় বেঁচে থাকার রেকর্ড এবং বিশ্বে মানব কিডনিতে রূপান্তরের প্রথম ঘটনা।

‘ম্যাস জেনারেল ব্রিগহাম’-এর ট্রান্সপ্লান্টেশন সায়েন্সেস সেন্টার নেফ্রোলজি বিভাগের চিকিৎসক লিওনার্দো রিয়েলা বলেন, প্রতিস্থাপনের অঙ্গ না পাওয়াটা বর্তমানে আমাদের সবচেয়ে বড় সংকট। আমরা জানি, কিডনি ফেইলিয়ারে ভোগা শেষ পর্যায়ের কিডনি রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা হচ্ছে প্রতিস্থাপন। তবে সময়মতো প্রতিস্থাপনের মতো পর্যাপ্ত মানব অঙ্গ আমাদের হাতে নেই।

তিনি বলেন, আমাদের লক্ষ্য অন্য প্রাণীর অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে এ সংকট কমানো। সেক্ষেত্রে এটা মানবদাতার কিডনির অপেক্ষায় থাকা রোগীদের ডায়ালাইসিস থেকে মুক্ত রাখার একটি মাধ্যম বা সেতুবন্ধন হিসেবে কাজ করবে। দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করা গেলে স্থায়ী চিকিৎসা হিসেবেও তা ব্যবহার করা যেতে পারে।

গবেষকরা বলেছেন, প্রতিস্থাপনের প্রায় ছয় মাস পর শূকরের কিডনিটির রক্তনালীতে ক্ষত দেখা দেয়, যা ক্রমান্বয়ে অকার্যকারিতার দিকে গড়ায়। ফলে নয় মাস পর কিডনিটি অপসারণ করা হয়।

এরপর বেশ কিছুদিন ডায়ালাইসিসে থাকার পর অ্যান্ড্রুজ একজন মৃত মানবদাতার কিডনি প্রতিস্থাপন করান, যা পরবর্তী ছয় মাসের ফলো-আপে সফলভাবে কাজ করেছে বলে ‘ল্যানসেট’ জার্নালে বলা রয়েছে।

পরীক্ষায় দেখা গেছে, মানব টিস্যুর বিরুদ্ধে নতুন কোনো অ্যান্টিবডি তৈরি হয়নি। যার মানে শূকরের কিডনিটি পরবর্তী মানব কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি করেনি। কোনো পর্যায়ে শূকরের কোনো ভাইরাস বা প্যাথোজেনের অস্তিত্বও মেলেনি।

তবে গবেষক দলটি সতর্ক করে বলেছে, এটা কোনো তুলনা করার সুযোগ ছাড়াই একক কোনো রোগীর ক্ষেত্রে পরিচালিত চিকিৎসা। এর ফল নির্ভর করেছে সতর্কতার সঙ্গে রোগী নির্বাচন ও বিশেষায়িত নিবিড় যত্নের ওপর, যা সব জায়গায় সহজে নাও মিলতে পারে।

এ ধরনের আরও ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন হলেও এ সাফল্য মানব কিডনির দীর্ঘ প্রতীক্ষায় থাকা রোগীদের জন্য শূকরের কিডনি প্রতিস্থাপনের নতুন দুয়ার খুলেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বেলুচিস্তানে সেনা অভিযানে ৭২ ঘণ্টায় ৪৮ জন নিহত বেলুচিস্তানে সেনা অভিযানে ৭২ ঘণ্টায় ৪৮ জন নিহত প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগম যাচ্ছিলেন মেয়ের বাড়ি প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগম যাচ্ছিলেন মেয়ের বাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড মেলোনির ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড মেলোনির প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারী মারা গেছেন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারী মারা গেছেন