weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারার বিস্ফোরণ রহস্য উন্মোচনে বিজ্ঞানীদের সাফল্য

প্রকাশ :

তারার বিস্ফোরণ রহস্য উন্মোচনে বিজ্ঞানীদের সাফল্য

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
পৃথিবী, মানবদেহ ও আশপাশের প্রায় সবকিছু যে মৌলিক উপাদান দিয়ে গঠিত তা তারাগুলো কীভাবে তৈরি করে ও মহাজাগতিক বিস্ফোরণের মাধ্যমে ছড়িয়ে দেয় সে রহস্য উন্মোচনে সাফল্য পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা।

তাদের দাবি, মহাকাশের এ জটিল প্রক্রিয়া ও তারার জীবনচক্রের অন্তরালে থাকা অজানা বিভিন্ন অধ্যায় উদঘাটনে ও মহাজাগতিক বিস্ফোরণ বা সুপারনোভা কীভাবে ওইসব উপাদানকে সমস্ত মহাবিশ্বে ছড়িয়ে দেয় সে বিষয়েও তারা স্পষ্ট ধারণা পেয়েছেন।

সম্প্রতি দুটি ভিন্ন গবেষণা প্রবন্ধে প্রকাশিত নতুন এসব তথ্য জ্যোতির্বিজ্ঞানের দীর্ঘদিনের অমীমাংসিত রহস্য উন্মোচনে নতুন দুয়ার খুলেছে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট স্পেস ডটকম।

শত শত বছর ধরে জ্যোতির্বিবিজ্ঞানীরা বিশালাকার তারার সুপারনোভা বা বিস্ফোরণ নিয়ে গবেষণা চালিয়ে এলেও এসব মহাজাগতিক বিস্ফোরণ ঠিক কীভাবে ঘটে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

প্রথম গবেষণাটিতে সুপারনোভা বোঝার অভিনব এক উপায় নিয়ে কাজ করেছেন গবেষকরা, যেখানে ‘টাইটানিয়াম-৪৪’ নামের এক তেজষ্ক্রিয় উপাদানের ওপর গুরুত্ব দেওয়া হয়, যা সুপারনোভা মিলিয়ে যাওয়ার বহু বছর পরও মহাকাশে টিকে থাকে।

গবেষকরা সম্প্রতি এমন পরীক্ষামূলক তথ্য সংগ্রহ করেছেন, যার মাধ্যমে একটি সুপারনোভায় ঠিক কী পরিমাণ টাইটানিয়াম-৪৪ তৈরি হয় তা নিখুঁতভাবে নির্ধারণ করা সম্ভব।

গবেষণায় দেখা গেছে, এসব মহাজাগতিক বিস্ফোরণ প্রত্যাশার তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি টাইটানিয়াম-৪৪ উৎপাদন করে।

এ নতুন তথ্য হাতে থাকায় বিজ্ঞানীরা এখন সুপারনোভা বিস্ফোরণের আরও নিখুঁত ও শক্তিশালী কম্পিউটার মডেল তৈরি করতে ও মহাজাগতিক পর্যবেক্ষণের সঙ্গে সেগুলো মিলিয়ে দেখতে পারবেন। ফলে এসব বিস্ফোরণ কীভাবে ধাপে ধাপে এগোয় তা বোঝা আরও সহজ হবে।

বিবৃতিতে ‘ইউনিভার্সিটি অফ সারে’র নিউক্লিয়ার ফিজিক্স গ্রুপের পোস্ট ডক্টরাল গবেষক ক্রিস্টোফার কাজিন্স বলেন, এ ক্ষেত্রটি কতটা এগিয়ে গেছে তা দেখা সত্যিই রোমাঞ্চকর। কেবল কয়েক দশক আগেও এ ধরনের পরিমাপ নাগালের বাইরে বলে মনে হতো। তবে এখন তা আমাদের জ্যোতির্বিজ্ঞানের অন্যতম বড় অমীমাংসিত প্রশ্নের নতুন উত্তর দিচ্ছে।

তারার বিস্ফোরণ সংক্রান্ত দ্বিতীয় গবেষণাটি ‘টাইপ-১ সুপারনোভা’ নামের বিশেষ এক ধরনের তারা বিস্ফোরণের ওপর নজর দিয়েছে।

একটি নিউট্রন তারার মতো কোনো ঘন তারা অবশেষ যখন এর কাছাকাছি থাকা অন্য কোনো সঙ্গী তারা থেকে পদার্থ নিজের দিকে টেনে আনে তখনই এ ধরনের বিস্ফোরণ ঘটে।

সূর্যের সমান বা তার দ্বিগুণ ভর যখন ২০ কিলোমিটার ব্যাসের মধ্যে বন্দি থাকে তখন ওই টেনে নেওয়া পদার্থ তারাটির গায়ে পড়ার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড শক্তিতে ফেটে পড়ে। আর এ সময় থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে।

এসব শক্তিশালী বিস্ফোরণ থেকে ভারী মৌল বা উপাদান তৈরি ও যথেষ্ট পরিমাণে শক্তি নির্গত হয়, যার কিছু অংশ এক্স-রে বিস্ফোরণ হিসেবে বেরিয়ে আসে।

মিশিগানের ‘ফ্যাসিলিটি ফর রেয়ার আইসোটোপ বিমস’-এর গবেষকরা এ গবেষণায় এক্স-রে বিস্ফোরণ ঘটানো পারমাণবিক বিক্রিয়াটি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করেছেন।

এর মাধ্যমে বহুল আলোচিত ‘নিকেল-কপার চক্র’ বা সুপারনোভা চলাকালীন পারমাণবিক পদার্থের সাময়িক আটকে থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে।

এতদিন বিজ্ঞানীরা জানতেন না, এক্স-রে বিস্ফোরণের সময় পারমাণবিক পদার্থ এ নিকেল-কপার চক্রের মধ্যে আদৌ আটকে থাকে কি না।

নতুন গবেষণায় প্রকাশ পেয়েছে, প্রক্রিয়াটি সত্যিই ঘটে তবে তা খুবই সীমিত অনুপাতে। এর মাধ্যমে বিজ্ঞানীরা টাইপ ১ সুপারনোভা কীভাবে ধাপে ধাপে এগোয় সে বিষয়ে স্পষ্ট ধারণা পেলেন।

‘ইউনিভার্সিটি অফ সারে’র গ্যাভিন লোটে বলেছেন, দশকের পর দশক ধরে গবেষণার পরও মহাবিশ্বের অন্যতম চমৎকার কিছু তারার বিস্ফোরণকে চালায় এমন পারমাণবিক বিভিন্ন বিক্রিয়া আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি। এ দুটি গবেষণা আমাদের এসব বিস্ফোরণ কীভাবে ঘটে সে বিষয়ে ধারণা দিচ্ছে, যা আমাদের বিভিন্ন মডেলকে পর্যবেক্ষণের সঙ্গে আরও নিবিড়ভাবে তুলনা করতে সাহায্য করবে ও রাসায়নিক উপাদানগুলো কীভাবে তৈরি হয়ে পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে তা বোঝার আরও কাছাকাছি নিয়ে যাবে।

গবেষণা দুটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘ফিজিক্যাল রিভিউ লেটার্স’-এর জুলাই সংখ্যায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারেন সেই আব্দুল্লাহ সিফাত আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারেন সেই আব্দুল্লাহ সিফাত দল নির্বাচনে জিতলে প্রত্যেক আমেরিকান পাঁচ হাজার ডলার পাবেন: ট্রাম্প দল নির্বাচনে জিতলে প্রত্যেক আমেরিকান পাঁচ হাজার ডলার পাবেন: ট্রাম্প ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ফিলিপাইনে ফেরিতে আগুনে পাঁচ মৃত্যু, নিখোঁজ ৮০ ফিলিপাইনে ফেরিতে আগুনে পাঁচ মৃত্যু, নিখোঁজ ৮০