ভরিতে ২২১৬ টাকা বাড়ল সোনার দাম
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
টানা চার দফা দাম কমার পর দেশের বাজারে বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়েছে। দেশের সোনার বাজার আসলে পুরোপুরিই বিশ্ববাজারের উপর নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে, তার সঙ্গে সমন্বয় করে আমরা দাম নির্ধারণ করি। কমলে কমাই, বাড়লে বাড়াই।
শাহীন বলেন, কয়েক দিন আন্তর্জাতিক বাজার নিম্নমুখী ছিল; বেশ খানিকটা কমেছিল। আমরা তার সঙ্গে সমন্বয় করে কমিয়েছিলাম। এখন আবার বাড়ছে; আমরা বাড়িয়েছি।
এর আগে দুই সপ্তাহের মধ্যে চার দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমানো হয়েছিল। গত ১৩ অক্টোবর ভরিতে তিন হাজার ২৬৬ টাকা, ২২ অক্টোবর এক হাজার ৬৯১ টাকা, ২৩ অক্টোবর দুই হাজার ১৫৮ টাকা এবং ২৫ অক্টোবর তিন হাজার ৩২৪ টাকা দাম কমায় বাজুস।
তার আগে ৯ অক্টোবর এই মানের সোনার দাম ভরিতে দুই হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল।
বাজুসের নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৯ হাজার ১২৫ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট সোনার দাম ভরিতে দুই লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম এক লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দর কার্যকর হওয়ার আগে ২২ ক্যারেট সোনার ভরি ছিল দুই লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল দুই লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল এক লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম ভরিতে দুই হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ৭৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা বেড়েছে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এদিকে বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ওঠার পর সোনার দামে ওঠানামা চলছে।
গত ২৯ জানুয়ারি প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে যায়। ওই দিন দাম বেড়ে পাঁচ হাজার ৫১১ ডলার ২৮ সেন্টে পৌঁছায়। পরে তা পাঁচ হাজার ৬০০ ডলারও অতিক্রম করে।
এরপর আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামা দেখা যায়। সাম্প্রতিক দিনগুলোতে দাম কমে প্রতি আউন্স চার হাজার ডলারের কাছাকাছি নেমে আসে।
মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও বুধবার আবার কমেছে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল চার হাজার ৩২ ডলার পাঁচ সেন্ট, যা আগের দিনের তুলনায় ২৯ ডলার ৩৬ সেন্ট বা শূন্য দশমিক ৭২ শতাংশ কম।
গত ২৫ অক্টোবর দেশের বাজারে সোনার দাম কমানোর সময় আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল তিন হাজার ৯৯৫ ডলার ৮৮ সেন্ট।
অন্যদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।
হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৮৪৯ টাকা।
পিপলসনিউজ/আরইউ