সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদকে পারিবারিক কবরস্থানে দাফন
প্রকাশ :
ছবি : সংগৃহীত
বগুড়া প্রতিনিধি
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী শাহেদ আহমেদ আশিকের (৩৫) মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বাদ আসর বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা পূর্বপাড়া গ্রামে জানাজা শেষে দাদার কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে শাহেদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় তার স্ত্রী কোহিনুর আক্তার কাকলী এবং দুই সন্তান কাউসার (১১) ও আবদুল্লাহ (৬) সঙ্গে ছিলেন। মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শাহেদকে শেষবারের মতো দেখতে আত্মীয়স্বজনের পাশাপাশি আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ ভিড় করেন।
বাদ আসর সরকারি মাদলা চাঁচাইতারা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে তাকে দাফন করা হয়।
পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন শাহেদ। এক মাসের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান তিনি। তার মৃত্যুতে দুই সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন স্ত্রী কাকলী।
শাহেদের খালাতো ভাই মাসুম রানা ও স্বজনেরা জানান, গত ১০ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ২টার দিকে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে স্ত্রী কাকলীকে সঙ্গে ফোনে কথা বলেন শাহেদ। পরে সৌদি সময় বিকাল ৩টা ২০ মিনিটে বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্যদের সঙ্গে শাহেদও নিহত হন।
স্বজনেরা জানান, শাহেদ সৌদি আরবের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের জেদ্দা প্রকল্পে প্লাম্বার হিসেবে কাজ করতেন। দেশটিতে তার বৈধ কাজের অনুমতিপত্র (ইকামা) ছিল। বাংলাদেশে এক মাসের ছুটি কাটিয়ে রিয়াদ হয়ে জেদ্দায় কর্মস্থলে ফিরছিলেন তিনি।
শাহেদের বাবা রফিকুল ইসলামও সৌদি আরবে থাকেন। ঘটনার সময় তার মা শাহেরা বেগম ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন। তবে ঘটনার চার দিন আগে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন।
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান জানান, সাহেদের মরদেহ দেশে আনার পুরো প্রক্রিয়ার সঙ্গে তিনি সরাসরি কাজ করেছেন। নিহতের পরিবারকে আর্থিক অনুদান পাইয়ে দিতে প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা করবেন বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার সকালে শাহেদের মরদেহ গ্রহণ করতে ঢাকায় যান তার স্ত্রী কোহিনুর আক্তার কাকলী ও দুই সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে এখন দুই সন্তানকে নিয়ে দিশেহারা কাকলী।
শুক্রবার সকালে শাহেদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
গত ২২ অক্টোবর রিয়াদের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি নিয়ে ইউএস বাংলার একটি ফ্লাইট (নম্বর বিএস ৩৬২) রওনা হয়।
উল্লেখ্য, কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি। তাদের একজন শাহেদ। নিহত অন্যজন হলেন কুমিল্লার নাঙ্গোলকোট উপজেলার বাসিন্দা নাসরুল্লাহ বদরপুরি।
পিপলসনিউজ/আরইউ