ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩
প্রকাশ :
ছবি : সংগৃহীত
মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে যায় দর্শনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস। এ ঘটনায় বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি চুয়াডাঙ্গায়। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
তিনি জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে। এ ছাড়া আহত ১১ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। অন্য পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উদ্ধার করা তিনজনের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
পিপলসনিউজ/আরইউ